আর ২৭ দিন পর মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপের আসর। আর এই বিশ্বকাপের আগে 'বার্তা' দিলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে টানা তিন ম্যাচে গোল পাওয়ার পথে এবার জোড়া গোল করলেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে মায়ামিও ৫-৩'এ উড়িয়ে দিয়েছে সিনসিনাটিকে। সিনসিনাটির মাঠে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া ম্যাচের ২৪ মিনিটে মায়ামিকে এগিয়ে নেন মেসি।
প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগান মায়ামির অধিনায়ক। সিনসিনাটি অবশ্য ঘুরে দাঁড়িয়ে ৪৯ মিনিটের মধ্যে ২–১ লিড নেয়। দুই গোলতাদা টোগোর ফরোয়ার্ড কেভিন ডেঙ্কি ও চেক মিডফিল্ডার পাভেল বুচা। পাঁচ মিনিট পর অসাধারণ ফিনিশিংয়ে মায়ামিকে সমতায় ফেরান মেসি। কিন্তু ৬৪ মিনিটে গোল হজম করে আবার লিড হারায় মেসির দল।
৭৯ মিনিটে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কই দলকে সমতায় ফেরার পথ তৈরি করে দেন। তার পাস থেকে গোল করেন মাতেও সিলভেত্তি। এরপর ৮৪ মিনিটে সিনসিনাটি গোলরক্ষকের ভুলে মায়ামিকে এগিয়ে দেন গের্মান বের্তেরামে। আর ৮৯ মিনিটে সিনসিনাটির ফেরার রাস্তা বন্ধ করে দেন মেসি। তার শট পোস্টে লেগে জালে জড়ানোর আগে গোলরক্ষকের গায়ে লাগায় কাগজে–কলমে সেটি 'আত্মঘাতী' গোলের স্বীকৃতি পায়।
চলতি মৌসুমে মায়ামির হয়ে মেসির ১৪ ম্যাচে গোল হলো ১২টি। শেষ তিন ম্যাচে চার গোলের সঙ্গে চার অ্যাসিস্ট তার। ক্যারিয়ারে সংখ্যাটি এখন ৯০৯। এই জয়ে ১৩ ম্যাচে মায়ামির পয়েন্ট হলো ২৫। ন্যাশভিল এক ম্যাচ বেশি খেলে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে।

0 Comments